‎দেম্বেলে-দুয়ের নৈপুণ্যে ৯ জনের পিএসজি হারালো বায়ার্নকে

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:২৭ এএম

‎দেসিরে দুয়ে ও উসমান দেম্বেলের জাদুকরী নৈপুণ্যে ৯ জনের দল নিয়েও বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)।

‎আটলান্টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধ ছিল গতিময় ও উত্তেজনায় ভরপুর। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে প্রথম গোলের চেষ্টা চালায়। তবে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ঘটে দুর্ভাগ্যজনক এক ঘটনা—পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে গোড়ালি মচকে মাঠ ছাড়তে বাধ্য হন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন তরুণ জার্মান মিডফিল্ডার।

‎মুসিয়ালার আগে আরেক খেলোয়াড় যোসিপ স্টানিসিচ চোটে পড়ায় কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য প্রথমার্ধ ছিল দুর্ভোগের। দ্বিতীয়ার্ধে পিএসজি কিছুটা আধিপত্য দেখালেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ম্যাচ তখনো গোলশূন্য।

 
‎তবে উত্তেজনা বাড়তে থাকে কার্ড ও সিদ্ধান্ত নিয়ে। বায়ার্নের দুই খেলোয়াড় হলুদ কার্ড দেখেন, একটি কার্ড কোচ কোম্পানিও পান অসন্তোষ জানিয়ে। পিএসজির দুয়ের বিরুদ্ধেও ‘ডাইভ’ করার অভিযোগে দেখানো হয় হলুদ কার্ড।

‎কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই দুয়ে। বক্সের প্রান্ত থেকে নেওয়া নিচু শট চলে যায় মানুয়েল নয়্যারের ডানপাশের নিচ দিয়ে জালে।


‎গোল খাওয়ার পরও লড়াই থেমে থাকেনি। বায়ার্ন যখন সমতায় ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই পিএসজির উইলিয়াম প্যাচো লিওন গোরেৎজকার ওপর ভয়ংকর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।

‎হ্যারি কেইনের হেড থেকে গোল আদায় করে নিলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এর আগে দায়োত উপামেকানোর গোলও একই কারণে বাতিল হয়।

‎স্টপেজ টাইমে ঢুকে পিএসজি পড়ে আরও বড় বিপদে। বদলি হিসেবে নামা লুকাস হার্নান্দেজের কনুইয়ের আঘাতে রাফায়েল গেরেইরো পড়ে গেলে রেফারি তাঁকেও লাল কার্ড দেখান। ৯ জনের দলে পরিণত হয় পিএসজি।

‎তবে এতসব নাটকীয়তার পরও ম্যাচের শেষটা ছিল পিএসজিরই। দ্রুত পাল্টা আক্রমণে উসমান দেম্বেলে প্রথমে বল ক্রসবারে মারলেও, পরে আক্রমণটি ধরে রেখে আচরাফ হাকিমির পাস থেকে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন এই ফরাসি তারকা।

‎সেমিফাইনালে লুইস এনরিকের তরুণ ট্রেবলজয়ী দল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার শেষ কোয়ার্টার ফাইনাল জয়ীর সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত