কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় অভিযুক্ত শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, শাহপরানকে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রবিবার তার রিমান্ডের আবেদন করা হবে। জানা যায়, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হন। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন ফজর আলী, তার ভাই শাহপরান, সুমন, রমজান, আরিফ ও অনিক। গত ৩ জুলাই আদালত ফজর আলী ছাড়া পাঁচজনকে তিন দিনের রিমান্ডে পাঠায়। ফজর আলী বর্তমানে চিকিৎসাধীন।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শাহপরানের রিমান্ডের আবেদন করা হবে। তদন্ত এখনো চলছে।
