দিনাজপুরের কালিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছে। এ ছাড়াও ওই বিস্ফোরণ দেখতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছে।
গতকাল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেনকালিতলা এলাকার মনসুর আলী ছেলে মাহবুব রহমান (৫৫), তার স্ত্রী রুবিনা বেগম (৪৮), ছেলে রাইয়ান রহমান (১৫), ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন (৫৫), মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন (৫০), মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ (১৪), মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান (৬০), মুক্তি (৪৮) ও গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ (৪০) । পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়িতে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। এ সময় ওই সিলিন্ডারটি নিজেরাই মেরামতের চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় তিনজন দগ্ধ হন। পরে তাদের চিৎকার চেঁচামিটিতে এলাকার লোকজন এগিয়ে এসে দরজা খুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আরও পাঁচজন দগ্ধ হয়।
বিস্ফোরণে আগুন লেগে গেলে ৮ জন দগ্ধ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং ৩৫ শতাংশের উপরে দগ্ধ হওয়ায় রিয়াদ নামে গ্যাস সিলিন্ডারের মিস্ত্রিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর ও সামান্য দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।
