জুমার নামাজ পড়তে নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুশফিকুর রহমান নান্নু (৫৮)। গত শুক্রবার নামাজ পড়তে গিয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। এ ঘটনায় তার ছোট ভাই মো. জিয়াউর রহমান শনিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বাসা থেকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। সিসি ক্যামেরায় দেখা যায়, তিনি পাশের মসজিদে না গিয়ে রিকশায় উঠে সামনে চলে গেছেন। কিন্তু নামাজ শেষে আর বাসায় ফেরেননি। এ ছাড়া মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যাননি।
নিখোঁজ জিডির তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন রাসেল বলেন, নামাজ পড়ার কথা থাকলেও তিনি একটি রিকশায় উঠে খিলক্ষেত বাজারের দিকে যান। আশপাশের অন্যান্য সিসিটিভি বিশ্লেষণ করে তার সর্বশেষ অবস্থান জানার চেষ্টা চলছে।
