ইন্টার মায়ামির হয়ে হতাশায় শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ। লিওনেল মেসিদের বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকেই। তবে মেজর সকার লিগে (এমএলএস) ফিরেই মেসি ধরা দিলেন স্বরূপে। মন্ট্রিয়লের বিপক্ষে ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন মেসি। অন্য দুই গোল করেছেন তাদেও আলেন্দে ও তালেসকো সেগোভিয়া।
বাংলাদেশ সময় রবিবার সকালে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। স্বাগতিকদের হয়ে গোল করেন প্রিন্স ওয়াসু। অবশেষে ৩৩ মিনিটে মেসির সহায়তায় বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান আলেন্দে। ৪০ মিনিটে মন্ট্রিয়লের চার ডিফেন্ডারকে কাটিয়ে চোখ ধাঁধানো গোলে স্কোরলাইন ২-১ করেন মেসি।
বিরতির পর ৬০তম মিনিটে আক্রমণের ধারায় মায়ামিকে ৩-১ গোলে এগিয়ে দেন সেগোভিয়া। বক্সের বাইরে অসাধারণ এক শটে গোল করেন তিনি। দুই মিনিট পর মেসি দেখান তার সেরা সময়ের জাদু। মাঝমাঠ থেকে লুইস সুয়ারেজের কাছে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বিদ্যুৎগতিতে এগোতে থাকেন মেসি। আরও দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের বাধার মুখে পড়েন।
সব মিলিয়ে ওই সময় মেসিকে ঘিরে ছিল পাঁচজন। কিন্তু মেসিকে আটকানো কি এতই সহজ? আর্জেন্টাইন জাদুকর তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে চলে যান ফাঁকা জায়গায়। এরপর নিখঁত শটে গোলকিপারকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। এই জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৬ নম্বরে রইল ইন্টার মায়ামি।
তিন ম্যাচে ১৬ গোল, দলকে নিয়ে গর্বের শেষ নেই আফিদার
রাত আড়াইটায় ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে