বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়।’
গতকাল সোমবার ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের জন্য নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষপাতী নয় জামায়াতে ইসলামী; বরং নির্বাচন ঘিরে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক পরিবেশ চায়।’ আসন্ন জাতীয় সমাবেশে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই সমাবেশের উদ্দেশ্য হলো জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এবং বিচারব্যবস্থার দৃশ্যমান অগ্রগতির দাবি সরকারের সামনে তুলে ধরতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।’
অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন গোলাম পরওয়ার।
এ সময় গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
মূলত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই ১৯ জুলাই সমাবেশের ডাক দিয়েছে দলটি। জামায়াতের সাত দফা দাবি ১. সব গণহত্যার বিচার, ২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৫. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ৬. প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং ৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
