আবরার ফাহাদ থেকে আবু সাঈদরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি।’ গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা সেøাগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়। বাংলাদেশ পন্থিপথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সব শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়কের পরে ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যা অনেক বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে। আবরার ফাহাদের মৃত্যু এবং মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন নতুন করে শুরু হয়েছিল।’
নাহিদ ইসলাম বলেন, ‘আবরার ফাহাদ থেকে আবু সাইদ সব শহীদদের আমরা স্মরণ করি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গত ১৬ বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সব শহীদ ও নির্যাতিতদের ধারণ করি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় আমরা শহীদদের আকাক্সক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থি রাজনীতির উত্থান তারা দেখতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই।’
দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন (এনসিপি)র কেন্দ্রীয় নেতারা।
এ সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাস্সুম, ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা এবং শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।
এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু হতে দেরি হওয়ায় এবং বৈরি আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টির কারণে শহরে কয়েকটি স্থানে পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করে ৫ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য গত ১ জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু করে এনসিপি।
