কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাইস্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এই অভিযোগগুলোর অনুসন্ধান করছেন। গতকাল মঙ্গলবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
