৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই। এ পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হবে ১০-২১ আগস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ চারটি নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

গতকাল মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য পিএসসি গুরুত্বপূর্ণ যে ৪ নির্দেশনা দিয়েছে, সেসব হলো

১. পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/ প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

৩. পরীক্ষার দিন ওপরে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর কাছে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা সবাইকে অনুসরণ করতে হবে।

৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত