সমাবেশ নিষিদ্ধ করে ফের ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম

জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় (সংলগ্ন এলাকা) ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার (বিপিএম-সেবা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয়সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকাÑ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকায় কোনো সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা অনুমোদিত নয়।

ডিএমপি সূত্রে জানা যায়, আদেশটি ৯ জুলাই সকাল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এর আগে ডিএমপি একাধিকবার বিজ্ঞপ্তি জারি করে এসব এলাকায় সমাবেশ নিষিদ্ধ করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত