‘এখনো বিমানে আছি’—মাদ্রিদের বিব্রতকর ফ্লাইট যাত্রার সময়রেখা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১১:০৯ এএম

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে নিউইয়র্কগামী ফ্লাইটে চড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এই যাত্রা হয়ে উঠেছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতার একটি। একাধিক বাধা, সময়সূচির গোলমাল আর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষমেশ গন্তব্যে পৌঁছায় স্প্যানিশ জায়ান্টরা। 

নিচে থাকছে সময়ভিত্তিক সেই বিব্রতকর যাত্রার খতিয়ান।

স্থানীয় সময় বিকেল ৪টা। যাত্রার সূচনা (মায়ামি থেকে নিউইয়র্ক)

ফাইনাল প্রস্তুতি শেষে মায়ামি থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে রিয়াল মাদ্রিদ। শুরুতে সব কিছু পরিকল্পনামাফিক চলছিল। কিন্তু খুব দ্রুতই শুরু হয় বিপত্তি—একটি ঝড় ফ্লাইট ছাড়ার সময় দেরি করিয়ে দেয় প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট।

এ সময়ের মধ্যে পূর্বনির্ধারিত মিডিয়া কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সময় বিকেল ৭:১৫-এ কুর্তোয়া, ভালভার্দে ও জাকোবোর উপস্থিতিতে মিক্সড জোন এবং ৭:৩০-এ জাবি আলোনসোর সংবাদ সম্মেলনের পরিকল্পনা ঠিকই রাখা হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫৫ – 'এখনো বিমানে আছি'

রিয়াল মাদ্রিদ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, 'আমরা এখনো বিমানে আছি।' বিমানটি নিউয়ার্কে নামার অনুমতি না পেয়ে আকাশে চক্কর দিতে থাকে। প্রথমে ভার্জিনিয়ার আকাশে, পরে নিউ জার্সির কাছাকাছি অ্যালেনটাউনের আকাশে ঘুরতে থাকে বিমান।

এই অচলাবস্থায় ক্লাব কর্তৃপক্ষ ফিফাকে অনুরোধ জানায় সব মিডিয়া কার্যক্রম বাতিল করার জন্য, যাতে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ হয়। ফিফা অনুরোধ মেনে নেয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৫ – সংবাদ সম্মেলন বাতিলের ঘোষণা

সন্ধ্যা ৭টায় পিএসজি কোচ লুইস এনরিকের সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে ৩০ মিনিট পর এক সাংবাদিক তাঁকে মাদ্রিদের দেরি ও জাবি আলোনসোর অনুপস্থিতির বিষয়ে জানালে এনরিকের প্রতিক্রিয়া, 'আমার জন্য তাতে কিছু যায় আসে না। আমি জানতামই না ওরা এখনো আসেনি। আমার দিক থেকে প্রশ্নোত্তর শেষ।'

এর কিছুক্ষণের মধ্যেই ফিফা অফিসিয়ালি জানিয়ে দেয়—সেদিনের জন্য জাবি আলোনসোর সংবাদ সম্মেলন বাতিল।

স্থানীয় সময় রাত ৮:৫৩ – অবশেষে অবতরণ

প্রায় চার ঘণ্টা বিলম্বে অবশেষে রাত ৮:৫৩-এ নিউয়ার্কের নিউয়ার্ক বিমানবন্দরে অবতরণ করে রিয়াল মাদ্রিদের ফ্লাইট। এরপর আরও এক ঘণ্টা পর, রাত ঠিক ১০টার আগে বিশ্ব বাণিজ্য কেন্দ্র এলাকার টিম হোটেলে পৌঁছে দলটি।

সঙ্গে ছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। হোটেলে প্রবেশের সময় জাবি আলোনসোকে প্রশ্ন করা হয়, 'ফ্লাইট খুব ক্লান্তিকর ছিল কি?' তিনি কিছু না বললেও পাশে থাকা এমবাপে হেসে উত্তর দেন, 'না, তেমন কিছু না।'

শুধু মাঠের নয়, আকাশের পথেও ক্লাব বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগের দিন এমন বিভ্রান্তিকর যাত্রা কতোটা প্রভাব ফেলবে মাঠের পারফরম্যান্সে, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত