ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে বিএনপি

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম

জাতীয় নারী ফুটবলের দলের জাদুকরী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে বিএনপি। অসুস্থতার খবর পেয়ে গতকাল বুধবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম গ্রাম মগাছড়িতে ছুটে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ঋতুর মা ভুজোপতি চাকমার স্বাস্থ্যের খোঁজখবর নেন। কন্যার ম্যাজিকে বাংলাদেশ জয় পাওয়ায় মাকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ভুজোপতি চাকমাকে ১ লাখ টাকা, জেলা বিএনপি থেকে আরও ১ লাখ টাকার সহযোগিতা প্রদান করা হয়। এ ছাড়া প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য যে খরচ হবে তার জন্য মাসে ৩০ হাজার টাকা করে ‘আমরা বিএনপি পরিবার’ থেকে প্রদান করার ঘোষণা দেওয়া হয়। ঋতুপর্ণার মা ভুজোপতি চাকমা ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যে তিনি তিনটি কেমো দিয়েছেন। প্রতি ২১ দিন অন্তর অন্তর তাকে চট্টগ্রাম নিয়ে গিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে।

রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই তার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে আজ (গতকাল) সকালে মগাছড়ি গ্রামে তার বাড়িতে আসি। তার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নেতাসহ জেলার নেতারা ঋতুপর্ণা চাকমার বাসায় গিয়েছি এবং তার অসুস্থ মায়ের খবরাখবর নিয়েছি। বিএনপি গণমানুষের দল হিসেবে একেবারে প্রান্তিক এলাকায় বসবাস করা ঋতুপর্ণার বাসায় গিয়ে তার অসুস্থ মায়ের পাশে থাকার বার্তা দিয়েছে।

ঋতুপর্ণা বাড়ি যাওয়ার পথে বেহাল রাস্তার বিষয়ে বিএনপির এ নেতা জানান, গত আওয়ামী লীগ সরকার প্রান্তিক পর্যায়ে কোনো উন্নয়ন কার্যক্রম করেনি, সেটা ঋতুপর্ণার বাসায় গেলে সবাই বুঝতে পারবে। সে আমাদের দেশের জন্য অনেক গৌরব বয়ে এনেছে, কিন্তু তার বাড়িতে যাওয়ার কোনো সড়ক নেই। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে তার বাসায় যাওয়ার সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপির এ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপির সভাপতি দীপু চাকমা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ জেলা ও উপজেলার নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত