পৃথক সচিবালয় ছাড়া বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ হলে কলুষিত হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ ছাড়া দলীয় আনুগত্যে রায় প্রদানকারী বিচারকদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার সভাপতি। তিনি বলেন, ‘এক বছরেও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হয়নি। শক্তিশালী বিচার বিভাগ না হলে, পৃথক সচিবালয় না হলে, আগের মতোই চলবে। নির্বাহীরা নিয়ন্ত্রণ করবে রায় কী হবে না হবে। পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না করলে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ নিলে সেখানে কলুষিত হওয়ার শঙ্কা রয়েছে। তাই প্রথম শর্ত হলো, পৃথক সচিবালয় করতে হবে।’
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগ-শাসিত আমলে এক যুগের বেশি সময় ধরে বিচার বিভাগে যে রাজনৈতিক প্রভাবে কলুষিত হয়েছে, তার বহুমাত্রিক প্রমাণ আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। দেশের বিভিন্ন রাজনৈতিক মামলায় ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগের সময়ে) আজ্ঞাবহ বিচারক ও ম্যাজিস্ট্রেটরা যে ভূমিকা পালন করেছেন, তা শুধু পক্ষপাতদুষ্ট নয়; বরং ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ করেছি, নির্যাতনমূলক রিমান্ড, ভিত্তিহীন চার্জশিট, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জামিন না-মঞ্জুর, মোমবাতি জালিয়ে রায় প্রদান এবং আদেশপ্রাপ্ত হয়ে রায় দেওয়ার অহরহ নজির রয়েছে। এসবই বিচার বিভাগের চরম অধঃপতনের দৃষ্টান্ত।’
