কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এবার গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন, গত বছর যা ছিল ১২ হাজার ১০০।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।

তিনি জানান, এ বছর কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্যে ৫৩ দশমিক ৯২ শতাংশ।
চেয়ারম্যান বলেন, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮টি, এবার তা নেমে এসেছে মাত্র ২২টিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত