৫ বলে ৫ উইকেট নিয়ে আইরিশ অল-রাউন্ডারের ইতিহাস

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের অল-রাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ৫ বলে ৫ উইকেট শিকার করেছেন। আয়ারল্যান্ডের ইন্টার-প্রোভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মুনস্টার রেডসের হয়ে তিনি এই কীর্তি গড়েন।

১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ারিয়র্স ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে অল-আউট হয়ে যায়। ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট শিকার করেন কার্টিস। ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে জ্যারেড উইলসনকে বোল্ড করে শিকার ধরা শুরু করেন তিনি। পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করে দেন। ফিরতি ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেটে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।

এখানেই থামেননি কার্টিস। ১০ নম্বর ব্যাটসম্যান রবি মিলার অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ওভারের তৃতীয় বলে ১১ নম্বর ব্যাটসম্যান জশ উইলসনকে বোল্ড করে পাঁচ বলে পাঁচ শিকার ধরেন কার্টিস। এর আগে মেয়েদের ক্রিকেটে জিম্বাবুয়ে অল-রাউন্ডার কেলিস এনধলোভুর ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত