চট্টগ্রামের আনোয়ারায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর পিতা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সোয়া ১টার দিকে উপজেলার দক্ষিণ বন্দর কান্তির হাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী মো. সেলিম (১৪) ও মো. সানি (১৪) আহত হয়।
অভিযুক্তরা হলেন, মো. মোস্তাক (৩৮), মো. ইউসুফ আলী (২৫), মো. শাকিল (২২), মো. হাসান (২০), মো. মামুন (২৬)। তারা প্রত্যেকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নেওয়াজ তালুকদার বাড়ীর বাসিন্দা।
অভিযোগে ওই শিক্ষার্থীর পিতা আবুল বশর উল্লেখ করেন, কয়েক দিন আগে তার ছেলে সেলিমের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইউসুফ আলীর তর্কাতর্কি হয়। এর জের ধরে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম ও তার সহপাঠীদের ওপর হামলা করে। এ সময় ইলেকট্রনিক শট দিয়ে তাদের জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
