দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:৪৮ এএম

দেশের চারটি জেলায় আজ শুক্রবার দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সকালে এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের অধিকাংশ বিভাগেই আজ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

আবহাওয়াবিদদের ভাষ্য, এ ধরনের বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়া আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তারা বলছেন, খুব জরুরি না হলে বাইরে বের না হওয়াই ভালো।

সাধারণ মানুষকে সাবধান থাকার পাশাপাশি নদীপথে চলাচলকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত