পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস থামিয়ে অন্তত ৯ জন যাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস বেলুচিস্তানের ঝোব শহরের কাছে পৌঁছালে একদল বন্দুকধারী সেটি থামায়।
নিহতরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা এবং শ্রমিক হিসেবে বেলুচিস্তানে কাজ করতেন। তারা কাজ শেষ করে বাড়ির পথে ফিরে যাচ্ছিলেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র এই ঘটনাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।
তিনি জানান, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা চলছে।
স্বাধীনতার দাবিতে তারা প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।
