ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী ও খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদলকর্মী মাহবুবুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এরপরই ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শাখা ছাত্রদল ও পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। 

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্যারিস রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতা-কর্মীরা ‘চকবাজারে হত্যা কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুলনায় হত্যা কেন, প্রশাসন জবাব চাই,’ ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, চলবে না’, ‘গুপ্ত বাহিনীর রাজনীতি চলবে না, চলবে না’, ‘গুপ্ত বাহিনী যেখানে লড়াই হবে সেখানে,’ ‘মুজিব বাহিনী যেখানে লড়াই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, শাকিলুর রহমান সোহাগ, মেহেদী হাসান, এম তাহের রহমান প্রমুখ।

সমাবেশে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমদুল হাসান মিঠু বলেন, ‘ঢাকায় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনারা যাকে নিয়ে কথা বলছেন তিনি সরকারের কোনো দায়িত্বে নেই। নির্বাহী ক্ষমতা, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী ইন্টেরিম সরকারের অধীনে। ৫ আগস্টের পরে এক ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু আরেকটি প্যাসিভ ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে।’

আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাজধানীতে ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে যারা বিএনপির নামে অপপ্রচার করছে, তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের গালিগালাজ করছেন আমি তাদেরকে বলতে চাই, আপনারা ছাত্রদলের কাছে নিরাপদ। আপনারা যে অশালীন বাক্যে আমাদের বলছেন, ছাত্রদলের নেতা-কর্মীরা আপনাদের কখনো সেই অশালীন ভাষায় উত্তর দিবে না।’

তিনি আরও বলেন, ‘খুলনায় যুবদল নেতাকে নামাজে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হলো। পায়ের রগ কেটে চিহ্ন দিয়ে গেলো যে এই রগ কাটার রাজনীতি কারা করে? তারা রগ কেটে প্রমাণ করলো এই হত্যার পিছনে তারাই জড়িত রয়েছে।’

শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলনের মানববন্ধন

এদিকে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন।

সেখানে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাংলাদেশ গড়বো। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম শতাধিক খুন। অথচ অন্তর্বর্তী সরকার চুপচাপ চেয়ারে বসে আছে। তারা তাদের দায়িত্ব পালন করছে না।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় আসার আগেই নিজের দলের মাংস খাওয়া শুরু করলেন। সামনে ক্ষমতায় আসবেন, মানুষকে হত্যা করবেন, এটা কখনো হতে পারে না। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা বেঁচে আছি, তারা আরেকটা অভ্যুত্থান ঘটানোর জন্য বেঁচে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত