বাংলাদেশের কৃষকদের জীবনে কৃষিকাজ করতে গিয়ে গরম ও দাবদাহ ক্রমেই বড় সমস্যা হয়ে উঠছে। কাজের সময় দীর্ঘক্ষণ প্রখর তাপে থাকার ফলে শারীরিক অসুস্থতা ছাড়াও তাদের কাজের দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আইসিডিডিআর,বির কারিগরি সহযোগিতাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের সচেতনতা তৈরির জন্য ন্যাশনাল হিট ট্রেনিং ম্যানুয়াল ফর এগ্রিকালচারাল এক্সটেনশন পার্সোনেল প্রণয়ন করা হয়েছে। এই ম্যানুয়াল কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের জন্য তৈরি। যারা মাঠে গিয়ে কৃষকদের গরম এবং তাপজনিত অসুস্থতা সম্পর্কে সচেতন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এই ম্যানুয়ালে গরমের প্রভাব, দাবদাহের ঝুঁকি, জরুরি ব্যবস্থাপনা এবং প্রতিরোধমূলক পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আইসিডিডিআর,বির সহযোগী বিজ্ঞানী এবং ম্যানুয়াল সম্পাদনা টিমের সদস্য ডা. ফারজানা জাহান জানান, ‘ম্যানুয়ালটি উচ্চ তাপের প্রভাব, প্রস্তুতি ও প্রতিকারের কৌশল এবং তাপ-সম্পর্কিত রোগের ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে যেন, তারা সরাসরি কৃষকদের এসব তথ্য পৌঁছে দিতে পারেন।’
এই ম্যানুয়ালকে মূলত প্রশিক্ষণ নির্দেশিকা হিসেবে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী তাদের জেলার কৃষকদের এই অভিজ্ঞতা পৌঁছে দেবেন। রাজশাহী, নওগাঁ এবং সাতক্ষীরা জেলার নির্দিষ্ট উপজেলায় কৃষকের জন্য বাস্তবায়িত হবে, যেখানে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাপজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় শারীরিক ও মানসিক প্রস্তুতি, পানি পান, পোশাক নির্বাচন, ছায়ার ব্যবস্থা এবং সঠিক সময়ে কৃষিকাজ করার মতো বিষয়গুলো এই ম্যানুয়ালে আলোচিত হয়েছে।
