মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীর হামলার জেরে পাঁচ শতাধিক মানুষ পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে শতাধিক মিয়ানমার সেনা রয়েছেন বলে জানিয়েছে থাই সামরিক বাহিনী। গতকাল রবিবার থাই সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শনিবার কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) কারেন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। এরপর শতাধিক মিয়ানমার সেনা ও ৪৬৭ জন বেসামরিক মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে প্রবেশ করে। থাই সেনাবাহিনী ও পুলিশ তাদের নিরস্ত্র করে প্রাথমিক চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে।
কেএনএলএয়ের রাজনৈতিক শাখার নেতা সাও থামাইন তুন বলেন, সীমান্ত এলাকায় সংঘর্ষের সময় সামরিক বাহিনীর কিছু ফ্রন্ট পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে আমাদের জোট। কিছু সেনা আমাদের পক্ষে যোগ দিয়েছে, আবার কেউ কেউ পালিয়ে থাইল্যান্ডে চলে গেছে। এদিকে দেশটির মধ্যাঞ্চলের স্যাগাইং এলাকায় একটি বৌদ্ধমঠে বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নিহত হয়েছে।
