তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচার, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

নগরীর জমিয়তুল ফালাহ মাঠে মিছিল পূর্ব সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটা গুপ্ত সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে মব তৈরি করে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডার ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই অপকর্মের বিষয়ে প্রতিটি ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ আছে।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন তার বক্তব্যে বলেন, যেকোনও কিছুর বিনিময়ে ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রদল সবসময় রাজপথে রয়েছে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, সালাহউদ্দিন শাহেদ, সামিয়াত আমিন জিসান, জি এম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, জহির উদ্দীন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত