বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ওয়াইজংশন এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন ওই পাড়ার রেংয়েন ম্রোর মেয়ে তুংলে ম্রো (১৭), মৃত পারও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও রুলেন ম্রো (৩৫)।
রিংরাও ম্রো নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমাটিতে প্রতিরাতে আগুন ধরে যেত। গতকাল রাতে ট্রান্সফরমারটি আগুনে পুড়ে যায়। এ সময় তুংলে ম্রো ফ্রিজের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। দাদি উরকান ম্রো তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মারা যান। এছাড়া তাদের প্রতিবেশী রুলেন ম্রোও ঘরে সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আরও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সকালে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ‘ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজন পাঠানো হয়েছে। বিস্তারিত পরে
জানানো হবে।’
