সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করতে হবে। গতকাল সোমবার অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের নিজস্ব ওয়েবসাইট নেই অথবা থাকলেও হালনাগাদ করা নেই, তাদের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) অধীন সরকারি প্রতিষ্ঠানগুলোর সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে স্ব স্ব প্রতিষ্ঠানের আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মডিউলে আপলোড করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
