জেমিনি অ্যাপে ছবি থেকে ভিডিও বানানোর ফিচার আনছে গুগল। ‘ইমেজ-টু-ভিডিও জেনারেটর’ নামের এ ফিচারটি কোম্পানির ‘ভিও ৩’ মডেলে আসছে। গুগল গত সপ্তাহে ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবারদের জন্য সীমিতভাবে চালু করার পর এখন ‘এআই প্রো’ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
জেমিনিয়ের ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ব্যবহার করতে প্রথমে প্রম্পট বারের ‘টুল’ অপশনে চেপে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। ‘ভিও ৩’ দিয়ে বর্তমানে ৭২০পি-এর আট সেকেন্ডের ক্লিপ তৈরি করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। ব্যবহারকারীর প্রম্পট অনুযায়ী জেমিনি ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে একটি ভিডিও বানিয়ে দেবে, তবে এটি টিকটকের ‘এআই অ্যালাইভ’ ফিচার দিয়ে বানানো ভিডিওগুলোর মতো সামাজিক মাধ্যমে ব্যবহার করার মতো দুর্দান্ত হবে না। যদিও বর্তমানে ‘ভিও ৩’-ই একমাত্র মডেল, যা ভিডিওর সঙ্গে সঙ্গে অডিও সিঙ্ক্রোনাইজ করে দিতে পারে। গুগলের এআই ফিল্ম তৈরির অ্যাপ ‘ফ্লো’তেও ‘ভিও ৩’-এর এই ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ফিচার ব্যবহার করা যাবে। ‘ভিও ৩’ উন্মুক্ত হয়েছে বিশে^র ৭৫টি দেশের জন্য। জেমিনি অ্যাপের মাধ্যমে ছবি থেকে ভিডিও তৈরি এখন ওয়েবেও সম্ভব। গুগল আশা করছে চলতি সপ্তাহের শেষ নাগাদ মোবাইল ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহার করতে পারবেন। ‘গুগল এআই প্রো’ দিয়ে ফিচারটি ব্যবহার করলে প্রতি মাসে ২০ ডলার গুনতে হবে আর ‘এআই আল্ট্রা’ দিয়ে ব্যবহার করতে চাইলে ২৫০ ডলারের মাসিক সাবস্ক্রিপশন কিনতে হবে।
