২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন, সংশোধনসহ চার দফা দাবিতে আগামী ২০ জুলাই চট্টগ্রামসহ পাঁচ জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব মো. হুমায়ুন কবির। ধর্মঘটের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার সব রুটে পণ্য ও গণপরিবহন চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ২০ জুলাই সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট পালনের জন্য পণ্য পরিবহনকারী সব যানবাহন ও গণপরিবহনের মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন ফেডারেশনের আহ্বায়ক সদস্য সচিব মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মৃণাল চৌধুরী, মো. মুছা, অলি আহম্মদ প্রমুখ।
