দলগুলোর সঙ্গে আলোচনা স্বতঃস্ফূর্ত ও গঠনমূলক

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৭:২৯ এএম

স্বতঃস্ফূর্ত এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সভায় তিনি সভাপতিত্ব করেন।

সভায় গত ১৪ দিন ধরে কমিশনের সঙ্গে ৩০টি রাজনৈতিক দলের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ এবং দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য দূরীকরণে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা হয়।

সভার শুরুতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আবু সাঈদসহ চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনার শেষে কমিশনের সদস্যরা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে স্বতঃস্ফূর্ত এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত