ইরান পার্লামেন্ট

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের  সঙ্গে আলোচনা নয়

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম

পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পরমাণু আলোচনা শুরু করা তেহরানের উচিত হবে না বলে জানিয়েছে ইরানের পার্লামেন্ট। গতকাল বুধবার শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তাদের এ বিবৃতি এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট জানায়, ইরানকে ধোঁকা দিতে ও জায়নবাদী শাসকদের আকস্মিক হামলাকে আড়াল করতে যুক্তরাষ্ট্র যখন আলোচনাকে কৌশল হিসেবে ব্যবহার করে, তখন আগের মতো আলোচনা হওয়া উচিত নয়। সুনির্দিষ্ট পূর্বশর্ত ঠিক করতে হবে এবং সেসব পুরোপুরি পূরণ হওয়ার আগ পর্যন্ত কোনো নতুন আলোচনা হতে পারে না।

বিবৃতিতে পূর্বশর্ত নিয়ে বিস্তারিত বলা না হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কয়েক দিন আগেই বলেছিলেন, ইরানের ওপর আর হামলা হবে না, এমন নিশ্চয়তা না দিলে তারা আলোচনায় রাজি হবেন না। তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এমন দাবি করে গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরান শুরু থেকেই বারবার বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে বেসামরিক উন্নয়ন, অস্ত্র বানানো নয়। ইসরায়েলের সঙ্গে ইরানের গত মাসের ১২ দিনের আকাশ যুদ্ধের আগে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের ঘরোয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের দাবি তুললে ওই আলোচনা কার্যত থমকে যায়। তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করে দিনকয়েক আগেই আরাগচি বলেছেন, তারা এমন কোনো পরমাণু চুক্তিতে রাজি হবেন না যেখানে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ থাকবে না।

এদিকে, ২০ লাখ লিটার তেল বহনের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। গতকাল বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি বলেন, ওমান উপসাগরে জ¦ালানি চোরাচালানের সন্দেহভাজন গতিবিধি নজরদারির ধারাবাহিক প্রক্রিয়ায় একটি বিদেশি ট্যাংকারের কার্গোর বৈধ কাগজপত্র না থাকায় সেটিকে তল্লাশি করা হয় এবং ২০ লাখ লিটার চোরাই তেল বহনের অভিযোগে জব্দ করা হয়। গাহরেমানি জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন ও ক্রুসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তবে জব্দ করা ট্যাংকারটির নাম বা এটি কোন দেশের পতাকাবাহী বা আটক ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত