বগুড়ায় দাদী শাশুড়ি ও নাতি বউকে গলা কেটে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৮ এএম

বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়িতে বাড়িতে ঢুকে দাদী শাশুড়ি ও নাতি বউকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)।  নিহতরা দুজন সম্পর্কে দাদী শাশুড়ী ও নাতী বউ। এ ঘটনায় বন্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়াশোনার সময় স্থানীয় প্রতিবেশী এক যুবক প্রায়ই উত্ত্যক্ত করতো এবং বিয়েও করতে চায়। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে যুবক রাত সাড়ে ৮টার দিকে ঘরে ঢুকে লাইলী বেওয়া ও হাবিবাকে গলা কেটে এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় বন্যা বাঁচান বলে চিৎকার দিয়ে বাইরে পড়ে যায়। পরে লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লাইলী বেওয়া ও হাবিবাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, ঘটনার পর থেকে সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্যা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এমন ঘটনা ঘটিয়েছে ঘাতক। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। খুব দ্রুত এ জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত