মাদারীপুরের নিখোঁজের একদিন পর পুকুর থেকে লামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
লামিয়া ওই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে। সে নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকালে লামিয়ার মোবাইল ফোনে একটা কল আসে। এ সময় কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকজন।
পরে বৃহস্পতিবার সকালে জমিতে পাট কাটতে গিয়ে লামিয়ার মরদেহটি পুকুরে ভাসতে দেখে শ্রমিকরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
লামিয়ার মা রেভেবা ও দাদা সানু মোল্লা জানান, লামিয়া একটি ছেলের সাথে প্রায় মোবাইলে কথা বলতো। বুধবার বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা লামিয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ পুকুর পাড়ে ভাসমান অবস্থায় দেখে তাদের খবর দেয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
