বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নিজাম উদ্দিনের সাংগঠনিক পদে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা নেওয়া হয়েছে। গত ৫ জুলাই রিয়াজুল জান্নাত নামের এক নারী তার স্বামীর কাছে নিজাম উদ্দিন দুই কোটি টাকা চাঁদাদাবির অভিযোগ এনে মহানগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছিলেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈছাআ জানিয়েছে, সংগঠনের অভ্যন্তরীণ পর্যালোচনায় নিজামের জবাব গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি কয়েকটি অভিযোগ প্রত্যাহার এবং ‘যথাযথ প্রমাণের’ অভাবে কার্যত গুরুত্ব হারিয়েছে বলে বিবেচনায় নিয়ে তাকে পূর্ণ সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে ৫ জুলাই সকালে স্বামীর কাছে ২ কোটি টাকা চাঁদাদাবির অভিযোগ এনে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বরাবর অভিযোগ দেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। এর দুদিন আগে ৩ জুলাই (বৃহস্পতিবার) তার স্বামী নওশেদ জামালকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। নওশেদ জামিল নগরের বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা।
