মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলামিন মাস্টার, আব্দুল বাসেদ ও কবির। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার ষোলআনী বালুমহালে চাঁদা চাইতে গিয়ে জনতার হাতে আটক হয় ৩ চাঁদাবাজ। এ ঘটনায় হোগলাকান্দি গ্রামের হৃদয়কে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় একটি মামলা করে বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন। এ ঘটনার পর হৃদয় একদিন আত্মগোপনে থাকলেও গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এলাকায় ফিরে আসে। এ সময় শুটার মান্নানসহ তার সমর্থকদের নিয়ে সশ্রস্ত্র মহড়া দেন তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর ৬-৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। এদিকে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইকান্দি বাজারে যায় শুটার মান্নান, হৃদয়, সোহেলসহ আরও কয়েকজন। কিছু সময় পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হন। আহতরা সবাই সাধারণ মানুষ।
এ ব্যাপারে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুজনের শরীরে শর্টগানের গুলি জাতীয় কিছুর আঘাত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
