মেহেরপুর জেলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন একজন। শুক্রবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে মন্টু হোসেন (৫২) ও মোটরসাইকেল আরোহী রনি (১৮) হচ্ছেন তেরাইল গ্রামের পূর্ব পাড়ার রতন আলীর ছেলে। এসময় ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোটরসাইকেলের চালক মোস্তাক হোসেন (২০) আহত হন।
স্থানীয়রা জানায়, কৃষক মন্টু হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে তিনি চলন্ত একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আহত হন। ওই মোটরসাইকেলে থাকা চালক মোস্তাক হোসেন ও তার বন্ধু রনিও মারাত্মক আহত হন।
তাদের প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মন্টুকে মৃত ঘোষণা করেন। পরে মোস্তাক ও রনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রনির মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
