মিরপুর স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন দর্শকরা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম

বাংলাদেশ–পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে দর্শকদের জন্য একটি স্বস্তির খবর এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে অতিরিক্ত দামের খাবার কিনতে আর বাধ্য হতে হবে না দর্শকদের। কারণ, এবার নিজস্ব খাবার ও পানীয় নিয়ে মাঠে প্রবেশের অনুমতি দিচ্ছে বিসিবি।

আজ শনিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ–পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে মাঠে প্রবেশের সময় দর্শকেরা নিজেদের সঙ্গে খাবার ও পানীয় আনতে পারবেন। তবে তা নিরাপত্তাকর্মীদের তল্লাশির আওতায় থাকবে এবং শুধুমাত্র মাঠে প্রবেশের সময়েই খাবার আনা যাবে। প্রবেশের পর বাইরে গিয়ে আবার ঢোকার সুযোগ থাকবে না।

দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গ্যালারিতে থাকা খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ছিল নিয়মিত। বিষয়টি নিয়ে বিসিবিও অবহিত ছিল। বিসিবি সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠের ভেতর যাঁরা খাবার বিক্রির দায়িত্বে থাকেন, তাঁরা সাধারণত স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের দামের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছিল না। তাই এই অনিয়ম কমাতেই দর্শকদের নিজেদের খাবার নিয়ে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু দেশ ‍রূপান্তরকে বলেন, ‘দর্শকদের সুবিধার কথা ভেবেই এবারের এই উদ্যোগ। আগে কখনো এমন সুযোগ দেওয়া হয়নি। আমরা চেয়েছি যেন দর্শকদের হাতে বিকল্প অপশন থাকে। পাশাপাশি মাঠের পরিচ্ছন্নতার বিষয়টিও আমাদের নজরে থাকবে।’

এর আগে চলতি বছরের শুরুতে বিপিএলের সময় ‘মুগ্ধ কর্নার’-এর মাধ্যমে বিনা মূল্যে পানির ব্যবস্থা করেছিল বিসিবি। এবার আরও এক ধাপ এগিয়ে দর্শকদের ব্যক্তিগত খাবার আনার সুযোগ দিয়ে দেখাল একটি ইতিবাচক দৃষ্টান্ত।

বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল, ২০ জুলাই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত