ক্যাম্পাস সংবাদ

স্বেচ্ছায় রক্তদান করলেন নর্থ সাউথের শিক্ষার্থীরা

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:৫৩ এএম

মুমূর্ষের সেবায় স্বেচ্ছায় রক্তদান করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ জুলাই রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের বয়েজ অ্যান্ড গার্লস লাউঞ্জে মহিলা-পুরুষ আলাদা দুই ভেন্যুতে দিনব্যাপী স্বতঃস্ফূর্ত অংশ নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের আয়োজিত এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে রক্ত সংগ্রহ করে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। 

রক্তদানকে ঘিরে বিশ্ববিদ্যালয়টির তরুণ রক্তদাতারা ভীষণ অনুপ্রাণিত হয়ে ব্যক্ত করেন তাদের অনুভূতি। ইসিই বিভাগের ছাত্র সাজিদ হোসেন (২১) জীবনে প্রথমবার রক্ত দিলেন। তার রক্তের গ্রুপ এ পজেটিভ। তিনি জানান, ‘পরিচিতজন অনেকেই রক্ত দান করেন। তাদের দেখেই উদ্বুদ্ধ হয়েছি। পরিবার থেকেও কোনো বাধা নেই বরং তারাও উৎসাহিত করেছেন। প্রথমবার রক্ত দিয়ে খুবই ভালো লাগল। রক্ত দেওয়ার এই আনন্দটা সবাইকে জানাতে হবে। তাহলেই সবাই মহৎ এ কাজে এগিয়ে আসবে।’

এ বিষয়ে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত জানান, ‘আমরা নিয়মিত এমন আয়োজন করে থাকি। এক-দুদিনের ক্যাম্প ছাড়াও আমাদের প্রায় ৩-৪ হাজার ডোনার পুল রয়েছে। তারা নিয়মিত রক্তদান করেন। শান্ত আরও জানান, ব্লাড ক্যাম্পের মাধ্যমে যারাই রক্ত দান করেন তাদের আমরা একটি করে সার্টিফিকেট দিচ্ছি। এ ছাড়া কোয়ান্টাম থেকে প্রত্যেক রক্তদাতাকে ৫টি রোগের টেস্ট রিপোর্ট দেওয়া হচ্ছে।’

কোয়ান্টাম ব্লাড ক্যাম্পের প্রোগ্রাম অর্গানাইজার তুহিন দাস টিটো জানান, দিনব্যাপী এই ব্লাড ক্যাম্পে দেড় শতাধিক তরুণ রক্তদান করেন। এ জন্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

কোয়ান্টাম ব্লাড ক্যাম্পের কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ ফয়সল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ব্লাড ক্যাম্পের যৌথ এমন আয়োজনের ফলে অসংখ্য মুমূর্ষ রোগীকে সেবার সুযোগ পাচ্ছি আমরা। এ জন্যে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের আগ্রহ এবং উদ্যোগকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, তরুণদের হাত ধরেই আমরা একসময় আমাদের দেশের রক্তের অভাব পুরোপুরি মেটাতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত