কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামাকজাত পণ্য বহনের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস কর্মকর্তারা।
রবিবার (২০ জুলাই) কুয়েতের কাস্টমস বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে বলা হয়, দুই দিনের অভিযানে এ চারজনকে আটক করা হয়। প্রথম দিন এক বাংলাদেশি যাত্রীর লাগেজ থেকে ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরের দিন আরও তিন বাংলাদেশি যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫৯ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
কুয়েতের কাস্টমস বিভাগ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও অন্যান্য তামাকজাত পণ্য আমদানি, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্য প্রবেশ রোধে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে কঠোর নজরদারি চলছে।
কাস্টমস কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যাত্রীদের কুয়েতের আইন ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আটককৃত বাংলাদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
