সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এ পর্যন্ত ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে ১০ হাজার ৬৪২ জন জুলাই যোদ্ধা রয়েছেন।
উপদেষ্টা বলেন, বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।
২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। প্রতি পরিবার পেয়েছে ১০ লাখ টাকা। অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্রও চলতি বছরে দেওয়া হবে। এছাড়া, জুলাই যোদ্ধাদের ২০২ কোটি ৫৬ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া শহিদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করবে।
ফারুক-ই-আজম স্পষ্ট করেন, সরকারি চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর উপস্থিত ছিলেন।
