জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যা প্রচেষ্টার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে বিচারক ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে, সকালে ১০টা ৭ মিনিটে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে আনা হয়। এরপর গ্রেপ্তার সংক্রান্ত শুনানি শুরু হয় এবং আদেশের পর আবারও তাকে হাজতখানায় নেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই ‘জুলাই অভ্যুত্থান’ চলাকালে ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পথে মুগদা থানার বাবু ডাক্তারের গলিতে তার শরীরে রাবার বুলেট আঘাত হানে। ওই গুলি তার হাতে, কপালে, বুকে, চোয়ালে এবং পেটে লাগে। পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হন।
এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর মুগদা থানায় একটি মামলা করেন আছেত শামীম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫১ জনকে আসামি করা হয়। ব্যারিস্টার সুমন এই মামলার ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।
এর আগে, ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে পুলিশ গ্রেপ্তার করে।
সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা