বল হাতে দুর্দান্ত, ব্যাটিংয়ে সাকিবের ডাক, মায়ামির হার

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

বল হাতে নজরকাড়া পারফরম্যান্স, কিন্তু ব্যাট হাতে হতাশা—এভাবেই শেষ হলো সাকিব আল হাসানের দিন। ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে কেমান বে স্টিনগ্রেইসের বিপক্ষে ৬ রানে হেরে গেছে তাঁর দল মায়ামি ব্লেজ।

সাবধানী বোলিংয়ের পরিচয় দিয়ে মাত্র ১১ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ম্যাথু ট্রম্প এবং পঞ্চম ওভারের প্রথম বলে কবি হার্ফটকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। দুইবারই ক্যাচ নেন টম ও'কনেল। যদিও পরের বলে হ্যাটট্রিক হয়নি, তবু ২ ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট তার বোলিং প্রভাব স্পষ্ট করে।

মায়ামির হয়ে আরও দুটি করে উইকেট নেন অরনব আইয়ার, জহুর খান ও ক্রিস্টোফার রামসারান। তবে সাকিব ছাড়া কেউই ৮-এর নিচে ইকোনমি রাখতে পারেননি। কেমান বে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে তোলে ৯৭ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন ভৃত্য অরবিন্দ (২২ বলে), ম্যাথু ট্রম্প ৮ বলে করেন ১৯, আর জর্ডান সিল্ক ৯ বলে ১৮।

৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বড় ধাক্কা খায় মায়ামি ব্লেজ। পিটার হাটজগলুর বলে ম্যাথু স্পুরসের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন সাকিব। এরপর একের পর এক ব্যাটার ফিরতে থাকেন নিয়মিত বিরতিতে।

মাত্র ৩৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসে মায়ামি। ইনিংস সর্বোচ্চ ১৯ রান আসে রামসারানের ব্যাট থেকে (১৪ বলে)। শেষদিকে হারিকৃষ্ণ নায়ার ও ক্রিস্টোফার বলরাজ ১৭ করে রান করলেও তাতে হারের ব্যবধানই শুধু কমে।

মায়ামির টপ অর্ডারের সাত ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল ও'কনেল (৪ বলে ১৬)। বাকিদের ব্যর্থতায় পুরো ম্যাচ থেকেই ছিটকে যায় সাকিবের দল।

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে এমন ব্যর্থতা সাকিবের নিজের জন্য যেমন হতাশার, তেমনি দলের কাছেও বড় আক্ষেপ। ব্যাটিং বিভাগ যদি সাকিবের বোলিংকে সামান্য সমর্থন দিত, ফল ভিন্নও হতে পারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত