ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের লক্ষ্যে শরিয়াহ উপদেষ্টা পর্ষদ গঠনের উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২০ জুলাই কমিশনের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য নির্বাচন-সংক্রান্ত মনোনয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়ে।
বিএসইসি মনে করে, শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের মাধ্যমে আগামীতে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আরও উৎসাহী হবেন। গতকাল কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও বিএসইসি ভবনে মনোনয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী এবং বিএসইসির অতিরিক্ত পরিচালক ও শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সেক্রেটারিয়েটের আহ্বায়ক শেখ মো. লুৎফুল কবির অংশগ্রহণ করেন।
সভায় শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ-সংক্রান্ত বিধি-বিধান, শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের গঠন, দায়-দায়িত্ব এবং কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপিত হয় এবং বিষয়সংশ্লিষ্ট আলোচনা হয়।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, যাদের অধিকাংশই সুদভিত্তিক বিনিয়োগ করার পরিবর্তে শরিয়াহভিত্তিক বিনিয়োগ তথা সুদবিহীন বিনিয়োগে উৎসাহিত। এজন্য শুধু বন্ড মার্কেট নয়, শরিয়াহভিত্তিক মার্কেটের সম্পূর্ণ অবকাঠামোটিই পুনর্গঠন করা প্রয়োজন। সে সব বিনিয়োগকারীদের কথা চিন্তা করে শরিয়াহভিত্তিক সিকিউরিটিতে বিনিয়োগে উৎসাহিত করার জন্য বিএসইসির শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল ২০২২ রুল প্রণয়ন করা হয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগের নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করবে।
তিনি বলেন, ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএসইসির প্রত্যাশা এবং এজন্যই বিএসইসি শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
