চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের কারাবন্দী সাবেক কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। সরকারি সফরের অংশ হিসেবে গত ১৫ জুলাই কারাগার পরিদর্শনে যান ধর্ম উপদেষ্টা।
এ সময় তিনি কারাবন্দী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কারাবন্দী চট্টগ্রামের হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন। কারাগার পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ডিআইজি) টিপু সুলতান।
গত সোমবার বিকেলে জানতে চাইলে ডিআইজি টিপু সুলতান ধর্ম উপদেষ্টার সঙ্গে সাবেক এমপি লতিফ, নদভী ও রহিম উল্যাহর সৌজন্য সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন। এক প্রশ্নের উত্তরে তিনি (ডিআইজি) বলেন, ‘মাননীয় ধর্ম উপদেষ্টা সেদিন সরকারি সফরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় অন্য বন্দীদের পাশাপাশি সাবেক এমপি এমএ লতিফ ও আবু রেজা মো. নেজামউদ্দিন নদভীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শন শেষে মাননীয় উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেছেন।’
এদিকে কারাগারে বন্দী সাবেক এমপিদের সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ করার একটি ছবি দেশ রূপান্তরের কাছে এসেছে। ছবিতে ধর্ম উপদেষ্টার ডানপাশে অতিরিক্ত কারা মহাপরিদর্শক টিপু সুলতান, তার (ধর্ম উপদেষ্টা) সামনে এক সারিতে দাঁড়িয়ে চট্টগ্রাম ও ফেনীর সাবেক তিন সংসদ সদস্য ও হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম।
ছবিতে নদভীকে দেখা যাচ্ছে মাথায় টুপিবিহীন চশমা পরা এবং পবিত্র কুরআন শরীফ হাতে, তার (নদভী) ডানপাশে এম এ লতিফ, তার (লতিফ) বাম পাশে টুপি পরিহিত রহিম উল্যাহ এবং লতিফের ডানে ছিলেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম।
এদিকে কারাগার পরিদর্শনে গিয়ে সাবেক এমপিদের সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ নিয়ে কারা অভ্যন্তরেই কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ বলছে, কৌতূহলের কিছু নেই, সরকারি সফরের অংশ হিসেবেই ধর্ম উপদেষ্টা কারাগার পরিদর্শন করেছেন।
