কুড়িগ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:৪০ এএম

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উপজেলার ভুন্দুর চর এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। ঘটনার দিন শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে অন্যপক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত