দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ায় নৌ-যোগাযোগ বন্ধ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাটে গিয়ে সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেন। পুলিশ ও উপজেলা প্রশাসন এ খবর নিশ্চিত করেছে।

এদিন সকালে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাটে মোবাইল করে যাত্রী পারাপার বন্ধ রাখার আদেশ দেন। এরপর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা-হাতিয়া-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম-হাতিয়া- চট্টগ্রামহ রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে। সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায় অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

এ বিষয়ে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া থেকে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ থাকবে। এ ছাড়া নদীতে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছকাছি থাকতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত