ভাঙা পা নিয়ে যেসব রেকর্ড গড়লেন রিশাভ পান্ত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে মাঠে ফেরা রিশাভ পান্তের কাছে শারিরীক আঘাত যেন কোনো ব্যাপারই না। চলতি ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভাঙা পা নিয়েও ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছেন! ম্যাচের প্রথম দিন ৩৭ রান করে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। গতকাল সেই ভাঙা পা নিয়েই যোগ করেন আরও ১৭ রান। তার ৭৫ বলে ৫৪ রানের ইনিংস দলকে ভরসা দেওয়ার পাশাপাশি কিছু রেকর্ডেও নাম লেখায়।

গতকাল জোফরা আর্চারের বলে একটি ছক্কা মেরে পান্ত এখন যৌথভাবে টেস্টে ভারতের সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেছেন। তার সমান ৯০টি ছক্কা মেরেছেন কেবল সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। যদিও তিনি পান্তের চেয়ে ৯৬টি টেস্ট ইনিংস বেশি খেলেছেন। মাত্র ৮২ ইনিংসে ৯০ ছক্কা মারা পান্তর ভারতের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার। হয়তো ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০০ ছক্কার মালিকও হবেন।

টেস্টে ৯০টি ছক্কার মধ্যে পান্ত ইংল্যান্ডের বিপক্ষেই মেরেছেন ৩৮টি, যা টেস্টে কোনো দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৯টি ছক্কা মারার রেকর্ড আছে বেন স্টোকসের। এই রেকর্ডটাও নিজের করে নেওয়াটাও পান্তের জন্য স্রেফ সময়ের ব্যাপার। ইংল্যান্ডের বিপক্ষে মোট ১ হাজার ৩৫ রান করা পান্ত প্রথম বিদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কোনো একটি দেশের মাটিতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

চলতি সিরিজে এখন পর্যন্ত পান্ত করেছেন ৪৭৯ রান, যা ইংল্যান্ডে কোনো উইকেটকিপার-ব্যাটসম্যানের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। সামগ্রিকভাবে, টেস্ট সিরিজে পান্তের চেয়ে বেশি রান রয়েছে মাত্র পাঁচজন উইকেটকিপার-ব্যাটসম্যানের। এর আগে ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে উইকেটকিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ৪৬৪, যা করেছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও পান্ত। এই টুর্নামেন্টে ভারতের হয়ে ৪০ ম্যাচে ২ হাজার ৭১৬ রান করেছিলেন সাবেক ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর পান্ত এখন পর্যন্ত ৩৮ ম্যাচে করেছেন ২ হাজার ৭৩১ রান। তবে সব রেকর্ড ছাপিয়ে আলোচনায় চলে এসেছে ভাঙা পা নিয়ে পান্তর মাঠে নামার সাহস। যদিও মাঠে নামার আগেই তিনি জানতেন, এই চোট তাকে পুরো সিরিজ থেকেই ছিটকে দিয়েছে!

ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর বলেছেন, ‘আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম এটা দেখার জন্য যে ও কীভাবে নিজের ইনিংস শুরু করে। আমার মতে, আজ পান্ত যেটা দেখিয়েছে, দলের জন্য যে মানসিকতা দেখিয়েছে, সেটা সত্যিই অনন্য। এ রকম দৃশ্য আমরা আগেও দেখেছি, যেখানে খেলোয়াড়েরা ভাঙা হাড় নিয়েও ব্যাট করেছেন। এমনই একটি মুহূর্ত ছিল, যখন দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রায়েম স্মিথ ভাঙা হাতে ব্যাট করেছিলেন।’

শার্দুল আরও বলেন, ‘এমন সময়গুলোতে খেলোয়াড়ের মানসিক দৃঢ়তাই আসল বিষয়। পান্তের ইতিবাচক মনোভাব আর মানসিক দৃঢ়তাই তাকে যেকোনো ব্যথা কিংবা কষ্ট থেকে দূরে রাখে বলে আমি বিশ্বাস করি। ওর ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। যদি সে সত্যিই ব্যথা অনুভব করে, তাহলে বুঝতে হবে চোটটা সত্যিই গুরুতর, কারণ, এত সহজে তো ওর কিছু অনুভব হওয়ার কথা নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত