বর্ষাপাড়ায় প্রোটিয়াদের রান উৎসব; ‘ভুলভাল’ নেতৃত্ব দিয়ে বিপাকে পান্ত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

গোহাটি টেস্টে ভারতের ওপর রানের বোঝা চাপাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিনে সফরকারীদের ৬ উইকেট তুলে নিলেও আজ রবিবার ভারতীয় বোলাররা কেবলই হতাশ করছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক রিশাভ পান্তের সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে সমালোচনা। সেনুরান মুথুসামি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিন অংকের খুব কাছে গিয়ে হতাশ হতে হয়েছে মার্কো ইয়ানসেনকে। প্রোটিয়াদের প্রথম ইনিংস থেমে ৪৮৯।

সপ্তম উইকেটে ২৩৭ বলে ৮৮ রানের জুটি গড়েন সেনুরান মুথুসামি এবং কাইল ভেরাইনা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের কোনো বোলারই এই জুটি ভাঙতে পারেননি। বুমরাহ, জাদেজা, সিরাজ, কুলদীপ ও ওয়াশিংটন সুন্দরের পরও পন্ত প্রায় সব বিকল্প ব্যবহার করলেও বোলিংয়ে আননেনি শুধু নিতিশ রেড্ডিকে! প্রথম ইনিংসে তিনি বল করেছেন মাত্র ৪ ওভার! অথচ দলে তাকে নেওয়ার অন্যতম কারণ ছিল মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নেওয়া।

কিন্তু ১৯২ বলে ঠিকই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মুথুসামি। এই মিডল অর্ডার ব্যাটার শেষ পর্যন্ত ১০৯ রানে আউট হন। ভারতীয় বোলারদের দুর্দশা দেখে রিশাভ পান্তের সমালোচনা করে ধারাভাষ্যকার দিনেশ কার্তিক বলছিলেন, ‘ওরা হয়তো নীতিশ কুমার রেড্ডিকে ভুলে গেছে। তাকে তো কিছু ওভার দেওয়ার জন্যই দলে রাখা হয়েছে। প্রথম দিনে ৪ ওভার করার পরেও দ্বিতীয় দিনে তাকে আর বোলিংয়েই আনা হলো না!’

গোহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিতিশকে বোলিংয়ে আনা হয়নি। ১৫১.১ ওভারে প্রোটিয়ারা ৪৮৯ রানে অল-আউট হয়েছে। সবচেয়ে দুঃখজনক আউট হয়েছেন মার্কো ইয়ানসেন। শেষদিকে সঙ্গীহীন হয়ে মারমুখী ব্যাটিং করছিলেন তিনি। ৯১ বলে ৬ চার ৭ ছক্কায় ৯৩ শেষ ব্যাটার হিসেবে আউট হন কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে। বল হাতে ‘সেঞ্চুরি’ করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ (১০৬) এবং স্পিনার কুলদীপ যাদব (১১০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত