ভারত-যুক্তরাজ্যের ৬০০ কোটি পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৪০ এএম

তিন বছর ধরে চলা আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ৬০০ কোটি পাউন্ডের একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছেন। গত বৃহস্পতিবার লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে বৈঠকের পর চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তিটি দুই দেশের মধ্যে রপ্তানি ও বিনিয়োগের পথ আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চুক্তি এটি। চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে স্টারমার জানান, এই চুক্তির ফলে যুক্তরাজ্যে চাকরি, বিনিয়োগ এবং উন্নয়ন হবে। হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে, ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি চুক্তিটিকে দুই দেশের ‘যৌথ সমৃদ্ধির রূপরেখা’ হিসেবে বর্ণনা করে বলেন, ভারতীয় পণ্যের জন্য যুক্তরাজ্যের বাজার খুলে যাবে, আবার ব্রিটিশ প্রযুক্তি পণ্য ভারতে সাশ্রয়ী দামে মিলবে। তিনি আরও বলেন, কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর দুই দেশ একটি অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে।

কী আছে চুক্তিতে : দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটিশ গাড়ি, হুইস্কি, চিকিৎসা যন্ত্র, অ্যারোস্পেস পার্টস, ল্যাম, সালমন ও কসমেটিকস রপ্তানিতে ভারতের শুল্ক কমবে। যুক্তরাজ্য থেকে ভারতে পণ্য রপ্তানিতে গড় শুল্ক ১৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নামবে। ধাপে ধাপে রপ্তানি শুল্ক কমানোর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবে যুক্তরাজ্যের খাদ্য এবং পানীয় প্রস্তুতকারী খাত। এর মধ্যে রয়েছে ব্রিটিশ স্কচ হুইস্কি। বর্তমানে স্কচ হুইস্কির ওপর ভারতীয় বাজারে ১৫০ শতাংশ হারে শুল্ক নেওয়া হয়। নতুন চুক্তিতে এই শুল্ক প্রথম ধাপে কমিয়ে ৭৫ শতাংশ করা হবে। এক দশকের মধ্যে তা ৪০ শতাংশে নামিয়ে আনা হবে। যুক্তরাজ্যের বাজারে ভারতের কৃষি এবং প্রক্রিয়াজাত পণ্য আমদানিতে কোনো শুল্ক লাগবে না। নতুন চুক্তির আওতায় হলুদ, গোলমরিচ, এলাচের মতো কৃষিপণ্য এবং আচার, ডালের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিনা শুল্কে প্রবেশ করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত