অবশেষে ৭৮৯ দিনের খরা কাটল। ফের শতরানের স্বাদ পেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক আজ ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে তুলে নিলেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি।
সর্বশেষ টেস্ট শতরানটি ছিল ২০২৩ সালের জুনে, লর্ডসে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেদিন করেছিলেন ১৫৫ রান। এরপর চোট, ছন্দহীনতা আর নেতৃত্বের ভারে নিজেকে খুঁজে ফেরার লড়াই চালিয়ে গেছেন। সেই লড়াইয়েরই এক অনুপম পুনরুত্থান ঘটল আজ ওল্ড ট্রাফোর্ডে।
সিরাজের বলে প্যাডে টোকা দিয়ে বল পাঠালেন ফাইন লেগে, চার। সেই সঙ্গে শতরান পূর্ণ হতেই মুঠি আঁটলেন স্টোকস, খুলে ফেললেন হেলমেট, চোখ তুলে তাকালেন আকাশের দিকে—পুরোনো সেই ভঙ্গিতে জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
ওল্ড ট্রাফোর্ড দাঁড়িয়ে অভিবাদন জানাল নিজের কাপ্তানকে। ব্যাট হাতে দীর্ঘদিনের নিস্প্রভতা পেছনে ফেলে আবারও নিজের জাত চেনালেন স্টোকস।
এই ইনিংসে স্টোকস শুধু শতরানই করলেন না, ইংল্যান্ডের বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে একপ্রকার হাল ধরলেন ব্যাটিং লাইনআপের। আক্রমণ-প্রতি আক্রমণের ধারায় মোড় ঘুরিয়ে দিলেন ম্যাচের।
চোট-আঘাত পেছনে ফেলে মাঠে ফিরেই যেন নতুন এক বেন স্টোকস। বল হাতে না হলেও ব্যাটে যেন বলছেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি।’
মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড