রাজবাড়ীর পাংশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আজিম (১৫) নামে আরেকজন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার বাকদুল এলাকার কাশেম মন্ডলের ইট ভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাদ উপজেলার পাট্টা পশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত আজিম মৌরাট পূর্ব বাকদুল গ্রামের আকুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, আবু সাদ মোটরসাইকেল যোগে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার এক অসুস্থ আত্মীয়কে দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি উপজেলার বাকদুল কাশেম মন্ডলের ইট ভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু সাদ ও আজিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই আবু সাদ মারা যান।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আবু সাদ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
