স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাগুলোকে নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১০ আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর আবেদন দাখিল করতে হবে।
গতকাল শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে নতুন নীতিমালার আওতায় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নতুন করে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে কমিশন।
আবেদন ফরম (ঊঙ-১), নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নং-১০৫) থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া এসব তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd- তেও পাওয়া যাবে।
