রিশাভ পান্ত কি ভাঙা পায়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করবেন?

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৬ এএম

ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসেই মারাত্মক চোটে পা ভেঙে গেছে রিশাভ পান্তের। আজ পঞ্চম দিন ভারত মাঠে নামবে পরাজয় থেকে বাঁচতে। ২ উইকেটে ১৭৪ রান তুলে তারা গতকাল চতুর্থ দিন শেষ করেছে। এখনও ইনিংস পরাজয় এড়াতে তাদের ১৩৭ রান প্রয়োজন। এমতাবস্থায় রিশাভ পান্ত কি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারবেন?

ম্যাচের প্রথম দিন ক্রিস ওকসের বল রির্ভাস সুইপ করতে গিয়ে পান্তের ডান পায়ে লাগে। এতে তার মেটাটারসাল ভেঙে গেছে। তাকে ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তবু ভাঙা পা নিয়েই তিনি দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেছিলেন। তার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার প্রসঙ্গে গতকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেন, ‘পান্ত কাল (আজ) ব্যাটিং করতে পারবে।’

বিসিসিআইয়ের চিকিৎসকেরা পান্তকে কিপিং করতে নিষেধ করেছেন, তবে ব্যাটিং করতে পারবেন। তাই ম্যাচের দ্বিতীয় দিন পান্ত যখন ব্যাটিং করতে নামেন, ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়। মারাত্মক চোট নিয়েই পান্ত আরও ১৬ রান যোগ করেন। ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে বিশাল ছক্কাও মারেন। আজ ম্যাচের শেষ দিন হার এড়ানোর জন্য পান্তকে খুবই প্রয়োজন ভারতের।

৩১১ রানে পিছিয়ে থেকে শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত শূন্য রানে হারায় যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের উইকেট। দিনশেষে শুবমান গিল ১৬৭ বলে ৭৮ এবং লোকেশ রাহুল ২১০ বলে ৮৭ রানে আপরাজিত আছেন। রিশাভকে নিয়ে ধারাভাষ্যকার চেতেশ্বর পূজারা বলেন, ‘পান্তকে হয়তো ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামানো হতে পারে। তাকে পাঁচে খেলানো হবে না। কারণ সে দৌড়াতে পারবে না। সে একপ্রান্ত আগলে রাখতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত